২৫ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:১৯, ২৫ মার্চ ২০২৬

স্বাধীনতা দিবস উদযাপনে নারায়ণগঞ্জে প্রশাসনের যত আয়োজন

স্বাধীনতা দিবস উদযাপনে নারায়ণগঞ্জে প্রশাসনের যত আয়োজন

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। সরকারি ও বেসরকারি পর্যায়েও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে।

সকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। একই সময়ে চাষাঢ়া বিজয়স্তম্ভ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হবে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য পুষ্পস্তবক অর্পণ করা হবে।

সকাল ৮টায় ওসমানী পৌর স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে। এতে বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে।

সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে।

দিবস উপলক্ষে জেলার সব সিনেমা হলে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এছাড়া উন্মুক্ত স্থানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রামাণ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হবে।

সরকারি ও বেসরকারি হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র ও বৃদ্ধাশ্রমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ খাবার পরিবেশনের আয়োজন করা হবে। জেলা প্রশাসন শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জায় সজ্জিত করবে। পাশাপাশি মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে দেশের শান্তি ও অগ্রগতি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হবে। বিকাল ৩টায় ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা প্রশাসন বনাম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে সুবিধাজনক সময়ে প্রীতি টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচের আয়োজনও থাকবে।

জেলা প্রশাসন জানিয়েছে, স্বাধীনতা দিবসের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং দিবসটির গুরুত্ব তুলে ধরতেই এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়