ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ড: তদন্ত কমিটির মেয়াদ বাড়ল
নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে। তদন্তের স্বার্থে আরও কিছু বিষয় যাচাই-বাছাই ও কারিগরি তথ্য নিশ্চিত করতে কমিটির পক্ষ থেকে অতিরিক্ত সময় চাওয়া হয়েছে। তবে আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হতে পারে বলে আশা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
জেলা প্রশাসক জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত চার শিশুর চিকিৎসাসহ জরুরি বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য ও বিভিন্ন দিক পর্যালোচনা করে তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, কওমি মাদ্রাসা, ব্যবসায়ী ও স্কুল ব্যবস্থাপনা সমিতির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে। এ ক্ষেত্রে সিটি করপোরেশন, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে সম্পৃক্ত করে ভবন নির্মাণবিধি ও অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে সচেতনতা বাড়ানো হবে।
প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা ও সীমাবদ্ধতা বিবেচনায় রেখে প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তাব্যবস্থা গ্রহণে উৎসাহিত করার পাশাপাশি সরকারি সহযোগিতা ও সুযোগ-সুবিধার বিষয়টিও বিবেচনা করা হবে বলে জানান জেলা প্রশাসক।
তিনি বলেন, প্রথমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থা ও সক্ষমতা চিহ্নিত করা হবে। এরপর প্রতিটি প্রতিষ্ঠানে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধারা এলাকার জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসার লাইব্রেরিকক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ধোঁয়ায় আক্রান্ত হয়ে ৯৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। অন্যরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়। রোববার (১৫ নভেম্বর) গুরুতর আহত ওই দুই শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাঁদের আইসিইউ থেকে সাধারণ শয্যায় স্থানান্তর করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়।
এদিকে অগ্নিকাণ্ডের পর নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আলিনুর খানকে আহ্বায়ক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনকে সদস্যসচিব করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য দুই সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসাইন এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ জোন-১-এর উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।





































