২১ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১২:৫০, ২১ জুলাই ২০২৬

রূপগঞ্জের চনপাড়ার ৪ মাদক কারবারি ডেমরায় র‍্যাবের জালে

রূপগঞ্জের চনপাড়ার ৪ মাদক কারবারি ডেমরায় র‍্যাবের জালে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার চার মাদক কারবারিকে ঢাকার ডেমরা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে ৮৫০ পিস ইয়াবা ও ৫৮ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ডিএমপির ডেমরা থানার খলাপাড়া কাউয়াটঙ্গী এলাকার একতা ভবনের ষষ্ঠ ও সপ্তম তলার দুটি ফ্ল্যাটে অভিযান চালায়। অভিযানে ৮৫০ পিস ইয়াবা ও ৫৮ বোতল স্কাফ সিরাপ জব্দ করা হয় এবং চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার বাসিন্দা মো. ইদ্রিস (৫৩), মো. হৃদয় (২০), মো. ফয়সাল (২১) ও মো. ইয়াসিন (২১)। ইয়াসিন গ্রেপ্তার ইদ্রিসের ছেলে।

র‍্যাবের প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা ডেমরার খলাপাড়া কাউয়াটঙ্গী এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঢাকাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করতেন বলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

গ্রেপ্তারদের বিরুদ্ধে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়