২১ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩৬, ২০ জুলাই ২০২৬

আপডেট: ২১:৩৭, ২০ জুলাই ২০২৬

বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপি নেতা ও ভাতিজাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপি নেতা ও ভাতিজাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে মারধরের পর মৃত্যুর ঘটনায় বিএনপির এক নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

সোমবার (২০ জুলাই) নিহত ফজলুর মেয়ে ফারজানা আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শেখ সামছুদ্দিন ও তার ভাতিজা নোবেলসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন রবিন, মিলন ও অনন্ত।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই রাতে গোদনাইল সৈয়দপাড়ায় কয়েকজন একটি মেয়েকে মারধর করছিলেন। এ সময় ফজলু তাদের বাধা দিয়ে মারধরের কারণ জানতে চাইলে আসামিরা তার ওপর হামলা চালান। তারা কিল-ঘুষি ও লাথি মেরে তাকে গুরুতর আহত করেন।

পরে স্থানীয়রা ফজলুকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরলেও শারীরিক অবস্থার অবনতি হলে ১৯ জুলাই সকালে মারা যান।

নিহতের স্বজনদের অভিযোগ, হামলার আঘাতেই ফজলুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন হওয়ার পর পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে মামলা হয়েছে। নিহতের মেয়ে বাদী হয়ে মামলাটি করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ

জনপ্রিয়