সিদ্ধিরগঞ্জে তিন মাসে মাদক ও অস্ত্রসহ ১৫৪ মামলা, গ্রেফতার ৪৬৭
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় তিন মাসে মাদক ও অস্ত্রসহ সর্বমোট ১৫৪ টি মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে ১১২ টি মাদক, ২ টি অস্ত্রসহ অন্যান্য মামলা হয়েছে আরো ৪০ টি।
এসব মামলায় এখন পর্যন্ত ৪৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক।
সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ব্যাপকভাবে মাদক বৃদ্ধি পাওয়ায় আইন শৃঙ্খলা চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন সচেতন মহল। এসব অভিযোগের প্রেক্ষিতে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিকের নেতৃত্ব নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে থানা পুলিশের কর্মকর্তারা। যার ফলে নিয়মিত গ্রেফতার হচ্ছে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার আসামিরা।
গত তিন মাসে (ডিসেম্বর ২০২৫ - ফেব্রুয়ারী ২০২৬) সিদ্ধিরগঞ্জ থানায় ১১২ টি মাদক মামলায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২১ হাজার ৬৬৪ পিস ইয়াবা, ৭ কেজি গাঁজা, ৩ হাজার ৪৪০ পুরিয়া হেরোইন, ১১০ বোতল ফেনসিডিল ও স্ক্যাপ ও ২৮ লিটার চোলাই মদ উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়াও প্রায় দেড় কোটি টাকা মূল্যের জাল রেভিনিউ ষ্ট্যাম্প ও মেশিন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, প্রায় তিন মাস হলো এই থানায় যোগদান করেছি। যোগাযোনের পর থেকেই মাদক নিয়ে কাজ করছি। প্রতিদিন অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আদালতে পাঠানো হচ্ছে। বর্তমানে মাদক অনেকটাই নির্মূল হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে পাড়া মহল্লায় আমাদের একাধিক টিম নিয়মিত টহলে থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে আমাদের পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।





































