০৭ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩৩, ৬ মার্চ ২০২৬

সন্তান হত্যার বিচারে বিএনপি সরকারে আশাবাদী পিতা রফিউর রাব্বি

সন্তান হত্যার বিচারে বিএনপি সরকারে আশাবাদী পিতা রফিউর রাব্বি

আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৩ বছরেও হত্যা মামলাটির বিচার কার্যক্রম শুরু হয়নি। তবু ন্যায়বিচারের প্রতি আশাবাদী ত্বকীর পিতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। তিনি আশা করেন, বিএনপি সরকার বেছে বেছে বিচার করা ও বিচার বন্ধ রাখার প্রক্রিয়া থেকে বেরিয়ে আসবে।

প্রেস নারায়ণগঞ্জকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপি সরকারের প্রতি আশাবাদ ব্যক্ত করে রফিউর রাব্বি বলেছেন, “বেগম খালেদা জিয়া একাধিকবার ত্বকী হত্যার বিচার চেয়েছেন। নারায়ণগঞ্জে এসে বিচার চেয়ে তিনি বলেছিলেন, শামীম ওসমান কীভাবে এখনো বাইরে ঘোরাফেরা করে। কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না? ইতোপূর্বে বিএনপির কয়েকজন ত্বকী হত্যার ব্যাপারে কথা বলেছেন, সোচ্চারও ছিলেন।”

তিনি আরও বলেন, “বিএনপি সরকার গঠন করেছে। রাজনৈতিক দলগুলোর নিজস্ব রাজনীতি থাকে। সেই রাজনীতির কারণেই তারা বেছে বেছে কিছু বিচার করে, কিছু করে না। তারা এখানে কী রাজনীতি করবে সেটি জানি না। কিন্তু আমাদের দেশটাকে একটি সভ্য, গণতান্ত্রিক পথে নিয়ে আসতে হলে বিচার ব্যবস্থাটাকে স্বাধীন রাখতে হবে। বেছে বেছে বিচার করা, বিচার বন্ধ রাখার প্রক্রিয়া থেকে বেরিয়ে আসতে হবে। বিএনপি এই প্রক্রিয়াটা থেকে বেরিয়ে আসুক— এটা আমাদের আকাঙ্ক্ষা। সেজন্য ১৩ বছর পূর্তিতে আমরা আশা করছি, বিএনপি সেই জায়গা থেকে বেরিয়ে আসবে।”

ওসমান পরিবারের সদস্যরা ত্বকীকে হত্যা করেছে— এমন মন্তব্য করে তিনি বলেন, “ওসমান পরিবার যেহেতু আওয়ামী লীগের লোক, সেহেতু শেখ হাসিনা ইচ্ছে করেই সাড়ে ১১ বছর বিচারটা বন্ধ করে রেখেছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর তাদের কয়েকজন উপদেষ্টা বলেছেন, খুব গুরুত্ব সহকারে ত্বকী হত্যার বিচার তারা করবে। সে সময় নতুন কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজনের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। কিছুটা অগ্রগতি হয়েছে, কিন্তু দেড় বছর ক্ষমতায় থাকলেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই।”

রফিউর রাব্বি বলেন, “শেখ হাসিনা ওসমান পরিবারকে রক্ষা করতে চেয়েছিলেন। অন্তর্বর্তী সরকার কাকে রক্ষা করতে চেয়েছে, সেটি জানি না। বিষয়টা কি এমন যে, সরকার চাচ্ছে কিন্তু যারা এই তদন্তভার নিয়েছে তারা চাচ্ছে না—সেটা একটি প্রশ্ন। যদি এমন হয়, তারা চাচ্ছে না; তাহলে তারা কাকে রক্ষা করতে চাচ্ছে বা কার নির্দেশে তারা এই কাজগুলো করছে? ত্বকীর ঘাতক ওসমান পরিবার হাজার হাজার কোটি টাকার মালিক। বিভিন্ন সংস্থা ও ব্যক্তিকে কেনা তাদের কাছে কোনো বিষয় নয়। এখানে তাদের কোনো ভূমিকা আছে কিনা জানি না।”

তিনি আরও বলেন, “দেশের বিশিষ্ট ২৪ জন ব্যক্তি বিবৃতি দিয়ে দাবি করেছেন, বিচার ব্যবস্থার প্রতি মানুষের অনীহা ও হতাশা থেকে এই সরকার জনগণকে মুক্ত করবে। আমরা দেখতে চাই, এই সরকার কতটা পারদর্শিতার সঙ্গে নিরপেক্ষভাবে জনগণের এই অধিকার ফিরিয়ে দেয়।”

সর্বশেষ

জনপ্রিয়