২৯ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০৩, ২৯ মার্চ ২০২৬

আপডেট: ১৯:০৩, ২৯ মার্চ ২০২৬

সংসদে এশিয়ান হাইওয়ে নির্মাণকাজের ধীরগতি নিয়ে এমপি মান্নানের প্রশ্ন

সংসদে এশিয়ান হাইওয়ে নির্মাণকাজের ধীরগতি নিয়ে এমপি মান্নানের প্রশ্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁও ও রূপগঞ্জ উপজেলা হয়ে নির্মাণাধীন এশিয়ান হাইওয়ে সড়কের কাজ ধীরগতিতে চলমান থাকায় এটি দ্রুত শেষ করা নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এই প্রশ্ন করেন। 

তিনি এ বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর কাছে প্রশ্ন করেন।

প্রশ্নে তিনি উল্লেখ করেন, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও ও রূপগঞ্জ উপজেলা হয়ে এশিয়ান হাইওয়ে সড়কের নির্মাণকাজ অত্যন্ত ধীরগতিতে চলছে। দ্রুত এ সড়কের কাজ সম্পন্ন করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা—তা জানতে চান তিনি।

জবাবে মন্ত্রী জানান, সোনারগাঁও ও রূপগঞ্জ হয়ে যে এশিয়ান হাইওয়ে সড়কটি নির্মাণাধীন রয়েছে, সেটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতাভুক্ত নয়।

অন্যদিকে, সড়ক ও জনপথ অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নাধিন গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কটির নির্মাণকাজ দীর্ঘদিন ধরে ধীরগতিতে এগোচ্ছে, যা স্থানীয় জনগণ ও যাত্রীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দেওয়া হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়