তোলারাম কলেজ ছাত্র ফেডারেশনের ইফতার মাহফিল
বাংলাদেশ ছাত্র ফেডারেশন সরকারি তোলারাম কলেজ শাখার উদ্যোগে ‘গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) কলেজ সমম্মেলন কক্ষে এ সভা ও ইফতার অনুষ্ঠিত হয়।
কলেজ শাখার আহ্বায়ক রাইসা ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলন জেলার নির্বাহী সমন্বয়য়কারী অঞ্জন দাস, ছাত্র ফেডারেশন জেলা ও তোলারাম কলেজ শাখার সাবেক সভাপতি রফিকুল বাপ্পি এবং জেলা সভাপতি সাইদুর রহমান।
অঞ্জন দাস বলেন, “তরুণ শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের প্রকৃত অংশীদার। কিন্তু মেধা বিকাশের জন্য প্রয়োজন ভয়হীন পরিবেশ। দীর্ঘ সময় ধরে সরকারি তোলারাম কলেজে যে ভয়ের সংস্কৃতি কায়েম করা হয়েছিল, ছাত্র ফেডারেশন রাজপথে লড়াই করে তার দাঁতভাঙা জবাব দিয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তার প্রতিফলন ঘটাতে হলে এই ক্যাম্পাসকে সম্পূর্ণ গণতান্ত্রিক করতে হবে। কোনো অপশক্তি যেন আর শিক্ষার্থীদের সম্ভাবনাকে কুক্ষিগত করতে না পারে, সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।”
সাইদুর রহমান বলেন, “একটি আদর্শ ক্যাম্পাসের প্রাণ হলো ছাত্র সংসদ (টুকসু)। বিগত বছরগুলোতে দখলদারিত্বের রাজনীতি তোলারাম কলেজকে ভাগাড়ে পরিণত করেছিল। ভিন্নমত দমনে তারা নিপীড়নকে হাতিয়ার করেছিল, যার প্রতিবাদ করতে গিয়ে ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা বারবার হামলার শিকার হয়েছে। অভ্যুত্থান-পরবর্তী সময়ে আমরা আর কোনো দখলদারিত্বের পুনরুত্থান চাই না। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধি নিশ্চিত করতে হবে। দখলমুক্ত ও বৈষম্যহীন ক্যাম্পাস গড়তে ছাত্র ফেডারেশন আপসহীন।”
সভাপতির বক্তব্যে রাইসা ইসলাম বলেন, “বাংলাদেশ ছাত্র ফেডারেশন কোনো সুযোগসন্ধানী সংগঠন নয়, বরং লড়াই ও সংগ্রামের ঐতিহ্যে গড়া একটি নাম। আমরা এমন এক তোলারাম কলেজ চাই, যেখানে ডামি রাজনীতির পরিবর্তে যুক্তিনির্ভর মেধার চর্চা হবে। বিগত দিনের দখলদাররা ক্যাম্পাসকে শিক্ষার অনুপযোগী করে তুলেছিল, কিন্তু সেই দিন এখন শেষ।”
ইফতার ও আলোচনা সভায় অন্যান্য ছাত্র সংগঠন থেকে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আজীজুল ইসলাম রাজীব, তোলারাম কলেজ শাখা ছাত্রদল সভাপতি মনির হেসেন জিয়া, বাংলাদেশ ইসলামি আন্দোলন তোলারাম কলেজ শাখার সভাপতি শাহ মোহাম্মাদ সগীর ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রট মার্ক্সবাদী জেলার সভাপতি জয় হাসান।
আরও উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশন জেলা সহ-সভাপতি ইউশা ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা আক্তার, যুগ্ম আহ্বায়ক অপূর্ব রায়, সদস্য সচিব শেখ সাদী, যুগ্ম সদস্য সচিব তাহমিদ আনোয়ার, সদস্য আহাদ প্রমুখ।





































