সাংবাদিকদের সম্মানে ইসলামী ছাত্রশিবিরের ইফতার ও মতবিনিময়
নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার ও মতবিনিময় মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে শহরের একটি মিলনায়তনে এই আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মহিবুর রহমান মুহিব। তিনি বলেন, "৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি, এজন্য আল্লাহর নিকট শুকরিয়া। সাংবাদিকরা সত্যকে মিথ্যায় রূপান্তর করবেন না। পবিত্র কোরআনের শিক্ষা অনুযায়ী মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকবেন। সমালোচনা নেওয়ার মানসিকতা আমাদের রয়েছে, তাই আজ আপনাদের সাথে এই মিলনমেলা।"
সভাপতির বক্তব্যে মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান বলেন, "বিগত ফ্যাসিস্ট আমলে অনেক সাংবাদিক নির্যাতিত ও আহত হয়েছেন। ছাত্র সংগঠনের সাথে সাংবাদিকদের সুসম্পর্ক থাকা জরুরি। আমাদের কোনো ভুল-ভ্রান্তি থাকলে তা ধরিয়ে দিন, আমরা তা শুধরে নিতে বদ্ধপরিকর।"
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন। তিনি বলেন, "একটা সময় আমাদের দাওয়াত মানুষের কাছে পৌঁছানো কঠিন ছিল। ২৪ জুলাইয়ের পর থেকে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের কার্যক্রম তুলে ধরতে পারছি। আশা করি সাংবাদিকরা সত্যকে সত্য হিসেবেই জাতির সামনে উপস্থাপন করবেন।"
সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন রাজু অনুষ্ঠানের সঞ্চালনা করেন। তিনি বলেন, "সাংবাদিকরা রাষ্ট্রের স্তম্ভ। আপনারা সাদা-কালো আলাদা করতে পারবেন। কোনো তেলবাজি বা হলুদ সাংবাদিকতা নয়, বরং নতুন বাংলাদেশ গঠনে সাহসী ভূমিকা পালন করবেন।"
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন চ্যানেল ওয়ান প্রতিনিধি নাফিজ আশরাফ, এনটিভি প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি এড. তমিজ উদ্দিন আহমাদ, চ্যানেল ২৪ প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, দ্য ডেইলি স্টার প্রতিনিধি সৌরভ হোসেন সিয়াম, ডিবিসি নিউজ প্রতিনিধি সাবিত আল হাসান, টুডে টাইমস সম্পাদক তানজিমুল হাসান মায়া'জ এবং চ্যানেল এস প্রতিনিধি সাইফুল্লাহ মাহমুদ টিটু।
সাংবাদিকরা বলেন, গণমাধ্যমের সাথে এই ধরনের মতবিনিময় আরও আগে হওয়া উচিত ছিল। পাশাপাশি তারা জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং বিপদে ছাত্র সংগঠনগুলোকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের দোয়া মাধ্যমে শেষ হয়।





































