১২ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪২, ১২ মার্চ ২০২৬

ফতুল্লায় বকেয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ-অবরোধ

ফতুল্লায় বকেয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ-অবরোধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রপ্তানিমুখী একটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ফতুল্লা গাবতলীয় এলাকার সেঞ্চুরি গার্মেন্টসের শ্রমিকরা এ আন্দোলন করেন।

বিক্ষোভের সময় তারা কারখানার সামনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কটিও অবরোধ করেন। এতে ওই সড়কে চলাচল করা লোকজনের যানজটে ভোগান্তি পোহাতে হয়।
অন্তত আধ ঘন্টা পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কোনো সমাধান না হওয়ায় বাধ্য হয়ে তারা সড়কে নেমে অবরোধ কর্মসূচি পালন করেছেন। বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

একইসঙ্গে ওভারটাইম ও ঈদ বোনাস পরিশোধেরও দাবি জানান শ্রমিকরা।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, “বকেয়া বেতন, ওভারটাইমের মজুরি ও বোনাসের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলেন। সংবাদ পেয়ে পুলিশ, শিল্প পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেন।”

পরে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে বেলা সাড়ে ১১টার দিকে তারা সড়ক অবরোধ তুলে নেন। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সর্বশেষ

জনপ্রিয়