২৬ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১২:৫৮, ২৬ নভেম্বর ২০২৬

বন্দরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বন্দরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আল মাহমুদ হাসান, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, কর্মসংস্থান, পুষ্টির চাহিদা পূরণ এবং নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণ, বেকারত্ব দূরীকরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে আধুনিক ও বিজ্ঞানসম্মত পশুপালন ব্যবস্থার বিকল্প নেই।

তাঁরা আরও বলেন, এ খাতের উন্নয়নে খামারিদের প্রশিক্ষণ, উন্নত জাতের পশুপালন, রোগ প্রতিরোধ এবং সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিক হতে হবে।

সর্বশেষ

জনপ্রিয়