১১ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১৫, ১১ জুন ২০২৬

লাইসেন্স মনিটরিং কমিটিতে রিকশা মালিকদের প্রতিনিধি রাখার দাবি

নাসিক প্রশাসকের কাছে মহানগর বৈধ রিকশা মালিক কমিটির স্মারকলিপি

নাসিক প্রশাসকের কাছে মহানগর বৈধ রিকশা মালিক কমিটির স্মারকলিপি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় বৈধ মিশুক, রিকশা ও ভ্যানের লাইসেন্স প্রদান, নবায়ন এবং মনিটরিং কার্যক্রমে মাঠপর্যায়ের অংশীজনদের সম্পৃক্ত করার দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর বৈধ মিশুক-রিকশা মালিক কমিটি। এ লক্ষ্যে লাইসেন্স মনিটরিং কমিটিতে সংগঠনের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়ে নাসিক প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে ১১টায় সংগঠনের সভাপতি সুজন মাহমুদ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শানুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নগরভবনে গিয়ে স্মারকলিপি জমা দেয়। এ সময় নাসিক প্রশাসক মোহাম্মদ সাখাওয়াত হোসেনের অনুপস্থিতিতে নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপি গ্রহণের পর মঈনুল ইসলাম প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রশাসকের কাছে তাদের দাবিগুলো তুলে ধরার আশ্বাস দেন।

এ সময় সংগঠনের সহ-সভাপতি শাহাবুদ্দিন খন্দকার, শফি খন্দকার, আনোয়ার করিম শাহিন, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন, অর্থ সম্পাদক হারুন অর রশিদসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপি প্রদান শেষে সংগঠনের সভাপতি সুজন মাহমুদ গণমাধ্যমকে বলেন,“শহরের যানজট নিরসন, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ এবং পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য নাসিক বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে লাইসেন্স প্রদান ও নবায়ন কার্যক্রম তদারকির জন্য একটি মনিটরিং কমিটি কাজ করছে। তবে বাস্তব অভিজ্ঞতার আলোকে আমরা মনে করি, ওই কমিটিতে বৈধ মিশুক-রিকশা মালিকদের অন্তত দুইজন প্রতিনিধি রাখা প্রয়োজন।”

কমিটিতে মাঠপর্যায়ের প্রতিনিধি থাকার সুবিধা তুলে ধরে এই সুজন মাহমুদ বলেন, কমিটিতে থাকলে লাইসেন্স প্রদান ও নবায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। প্রকৃত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে এবং মালিক ও চালকদের মধ্যেও আস্থা সৃষ্টি হবে।”

তার মতে, “প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে কর্তৃপক্ষ ও পরিবহনসংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে, ভুল বোঝাবুঝি কমবে এবং যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা সম্ভব হবে। একই সঙ্গে প্রকৃত লাইসেন্সধারীদের শনাক্ত করা সহজ হবে, যা রাজস্ব আদায় বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।”

তিনি দাবি করেন, “মনিটরিং কমিটিতে বৈধ মালিকদের প্রতিনিধি থাকলে অসাধু চক্রের তৎপরতা কমবে এবং সাধারণ মানুষকে হয়রানির সুযোগও হ্রাস পাবে। এতে পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখা আরও সহজ হবে।”

স্মারকলিপিতে বৃহত্তর জনস্বার্থে এবং লাইসেন্সিং কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে নারায়ণগঞ্জ মহানগর বৈধ মিশুক-রিকশা মালিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্তত দুই থেকে তিনজন প্রতিনিধিকে লাইসেন্স মনিটরিং কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য নাসিক প্রশাসকের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়