১১ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩০, ১১ জুন ২০২৬

আপডেট: ২১:৩১, ১১ জুন ২০২৬

জিয়াউর রহমানের আদর্শ নিয়ে কাজ করলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব: মাওলানা আবদুল জব্বার

জিয়াউর রহমানের আদর্শ নিয়ে কাজ করলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব: মাওলানা আবদুল জব্বার

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, পৃথিবীতে অনেক মানুষ ছেড়ে চলে যাওয়ার পরে তাদের নিয়ে তেমন কোনো আলোচনা হয় না। আবার কিছু মানুষকে নিয়ে অনেক আলোচনা হয়, দোয়া হয় এবং তাদের আদর্শ, চিন্তা ও দৃষ্টিভঙ্গিকে সমাজজীবনে প্রতিষ্ঠা করার জন্য কিছু মানুষ নিঃস্বার্থভাবে চেষ্টা করে। তিনি আরও বলেন, বাংলাদেশের জন্ম থেকে এ পর্যন্ত স্বাধীনতার সার্বভৌমত্ব ও উন্নয়নের জন্য যারা ভূমিকা পালন করেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে শহরের হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের আয়োজনে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। প্রধান বক্তা ছিলেন বিএনপি নেতা ও বিসিবি পরিচালক মাসুদুজ্জামান মাসুদ।

মাওলানা আবদুল জব্বার বলেন, “আজকের এই দিনে আমাদের করণীয় হলো প্রথমত তার জন্য দোয়া করা। এরপর তিনি নিঃস্বার্থভাবে রাজনীতি করেছেন, দেশের উন্নয়ন ও প্রগতির জন্য কাজ করেছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার চেষ্টা করেছেন। আমরা যারা রাজনীতির সঙ্গে জড়িত, ব্যবসার সঙ্গে জড়িত, নিজেদের ন্যূনতম প্রয়োজন পূরণের পাশাপাশি যদি শহীদ জিয়ার মতো দেশের স্বার্থে ও মানুষের প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, তাহলে চব্বিশের পর যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারব।” 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু। সঞ্চালনা করেন সংগঠনের পরিচালক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগরী জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ, জেলা গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, সাবেক বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়