পথচারী ও শ্রমজীবী মানুষের পাশে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি
তীব্র গরমে পথচারী, অটোরিকশাচালক, দিনমজুর ও ট্রাফিক সদস্যদের মাঝে ঠান্ডা পানি, ওরস্যালাইন ও বিস্কুট বিতরণ করেছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টায় জেলা প্রশাসক মো. রায়হান কবির-এর আহ্বানে সাড়া দিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এ মানবিক কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।
ঠান্ডা পানি হাতে পেয়ে এক অটোরিকশাচালক বলেন, “এত রোদের মধ্যে গাড়ি চালানো অনেক কষ্টের। কিছুক্ষণ পরপরই গলা শুকিয়ে যায়। ঠান্ডা পানি খেয়ে প্রাণটা জুড়ালো।”
দায়িত্বরত এক ট্রাফিক সদস্য বলেন, “রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ডিউটি করতে হয়। পানির তৃষ্ণায় কষ্ট পাই। নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির দেওয়া ঠান্ডা পানি, খাবার ও ওরস্যালাইন পেয়ে খুব উপকার হলো। এই মানবিক কাজের জন্য আমরা কৃতজ্ঞ।”
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. শফিকুল ইসলাম আরজু বলেন, “জেলা প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে আমরা মানবিক দায়িত্ব পালনের চেষ্টা করছি। তীব্র গরমে কর্মরত বিভিন্ন পেশার মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসা উচিত।”
সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, “জীবিকার তাগিদে মানুষকে এই প্রখর রোদে বাইরে থাকতে হচ্ছে। বিশেষ করে রিকশাচালক, দিনমজুর ও ট্রাফিক সদস্যদের কষ্ট আমরা দেখছি। তাদের মুখে একটু হাসি ফোটাতে পারলেই আমাদের সার্থকতা। আমরা চাই, এই তাপদাহে সবাই যার যার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়াক।”
স্থানীয় নাগরিকরা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির এ উদ্যোগকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন মো. আসলাম মিয়া, মো. জসিম উদ্দিন ও মনিরুজ্জামান মনিরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।





































