১১ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১০, ১১ জুন ২০২৬

দিপু ভূঁইয়ার চিঠির পর জিয়া হল পুননির্মাণের উদ্যোগ

দিপু ভূঁইয়ার চিঠির পর জিয়া হল পুননির্মাণের উদ্যোগ

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় অবস্থিত ঐতিহাসিক শহীদ জিয়া হল পুনর্নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ ও সদস্য সচিব মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে, সংসদীয় আসন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) এর সাবেক সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কাছে আধা-সরকারি পত্রের মাধ্যমে শহীদ জিয়া হল পুনর্নির্মাণের আবেদন জানান।

চিঠিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকায় চাষাঢ়াস্থ শহীদ জিয়া হল বর্তমানে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় ভবনটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে হলটি পুনর্নির্মাণ করে আধুনিক কমপ্লেক্সে রূপান্তরের দাবি জানানো হয়।

এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের সচিবকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো আবেদনে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া উল্লেখ করেন, চাষাঢ়ার শহীদ জিয়া হল বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি ও সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। ১৯৭৮ সালের ১০ মার্চ তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান টাউন হলটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে ১৯৮১ সালের ১৯ জুলাই তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার এর নামকরণ করেন ‘শহীদ জিয়া হল’ এবং এর উদ্বোধন করেন।

আবেদনে তিনি আরও বলেন, দীর্ঘদিন অব্যবহৃত ও পরিত্যক্ত থাকায় হলটি এখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এটি পুনর্নির্মাণ করে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্সে রূপান্তর করা হলে নারায়ণগঞ্জবাসী একটি আধুনিক সাংস্কৃতিক ও বিনোদন কেন্দ্র পাবে। পাশাপাশি নতুন প্রজন্ম দেশের ইতিহাস, সংস্কৃতি ও জাতীয়তাবাদী আদর্শ সম্পর্কে জানার সুযোগ পাবে এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য একটি স্থায়ী প্ল্যাটফর্ম তৈরি হবে।

তিনি শহীদ জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষণের স্বার্থে অবিলম্বে শহীদ জিয়া হল পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়