যুবদল নেতা মাসুম ও ছাত্রদল নেতা জিলানীর মৃত্যুতে এমপি দিপুর শোক
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) একটি বর্জ্যবাহী ট্রাকের চাপায় ফতুল্লা ইউনিয়ন যুবদল নেতা মাসুম বিল্লাহ এবং ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।
বৃহস্পতিবার (১১ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, “এই নৃশংস সড়ক দুর্ঘটনায় আমরা দুজন উদীয়মান, দেশপ্রেমিক ও প্রতিশ্রুতিশীল তরুণ নেতাকে হারালাম। স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
তিনি বলেন, তরুণ বয়সে তাদের আকস্মিক মৃত্যু দেশ, সমাজ ও তাদের নিজ নিজ সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতি। বর্জ্যবাহী ট্রাকের চালকের বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন আচরণের নিন্দা জানিয়ে তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শোকবার্তায় এমপি দিপু নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি মহান আল্লাহর কাছে তাদের পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার শক্তি ও ধৈর্য কামনা করেন।





































