দীর্ঘদিন পর উন্মুক্ত চাষাড়া-২ নম্বর রেলগেইট বিকল্প সড়ক
যানজট কমার আশায় স্বস্তিতে চালক-যাত্রী, নাসিক প্রশাসককে ধন্যবাদ নগরবাসীর
দীর্ঘদিন নানা জটিলতায় বন্ধ থাকার পর অবশেষে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ বিকল্প সড়ক চাষাড়া থেকে ২ নম্বর রেলগেইট পর্যন্ত সংযোগ সড়কটি। শহরে প্রবেশ ও বের হওয়ার বিকল্প পথ হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্মিত এই সড়কটি চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন চালক, যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।
তাদের প্রত্যাশা, পুরোপুরি চালু হলে নগরীর দীর্ঘদিনের যানজট অনেকটাই কমে আসবে।
জানা গেছে, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের সামনের অংশে দীর্ঘদিন ধরে বিদ্যমান বিভিন্ন জটিলতার কারণে এ সড়ক দিয়ে যানবাহন চলাচল সম্ভব হচ্ছিল না। ফলে বাধ্য হয়ে রিকশা, মিশুক, ভ্যান ও অন্যান্য ছোট যানবাহনকে বিবি রোড ব্যবহার করে শহরে প্রবেশ ও বের হতে হতো, যা সময় ও ভোগান্তি দুটোই বাড়িয়ে দিত।
পূর্বঘোষণা অনুযায়ী গত ৯ জুন নাসিক প্রশাসক মোহাম্মদ সাখাওয়াত হোসেন কলেজের সামনে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেন। তবে এখনও পুরোপুরি চালু হয়নি সড়কটি। কারণ, পাশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পৃথক রাস্তা ও সীমানা প্রাচীর নির্মাণের কাজ বাকি রয়েছে। বর্তমানে ভেঙে ফেলা স্থাপনাগুলোর ধ্বংসাবশেষ ও ময়লা-আবর্জনা এক্সকাভেটরের মাধ্যমে অপসারণ করা হচ্ছে এবং ট্রাকে করে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।
সড়কটি চালু হওয়ায় শহরের যানজট নিরসনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন চালক ও যাত্রীরা। তাদের মতে, এ পথ দিয়ে রিকশা, মিশুক, ভ্যানগাড়ি, মোটরসাইকেলসহ ছোট যানবাহন দ্রুত শহরে প্রবেশ ও বের হতে পারবে, ফলে বিবি রোডের ওপর চাপও কমবে।
সড়কটি ব্যবহার করে যাচ্ছিলেন ব্যবসায়ী ও মিশুকযাত্রী শফিকুল ইসলাম। তিনি নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেনকে ধন্যবাদ জানিয়ে বলেন, “নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এই সড়কটি দ্রুত চালু হোক। অবশেষে সেটি বাস্তবায়ন হয়েছে। এজন্য সিটি প্রশাসককে ধন্যবাদ জানাই।”
সড়কটির প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি আরও বলেন, “এটি আমাদের জন্য অত্যন্ত দরকারি একটি সড়ক। আশপাশের বাসিন্দারা সহজেই গাড়ি নিয়ে চাষাড়া হয়ে বিভিন্ন স্থানে যেতে পারবেন। সড়কটি আরও প্রশস্ত করা এবং পুরোপুরি উন্নয়নকাজ শেষ হলে চলাচলের সুবিধা আরও বাড়বে।”
একই পথে চলাচলের সময় কথা হয় সামাজিক সংগঠন ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নুরউদ্দিন আহমেদের সঙ্গে। তিনি বলেন, “সাখাওয়াত সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি জনগণের স্বার্থে ও নারায়ণগঞ্জবাসীর স্বার্থে এই সড়কটি খুলে দিয়েছেন। আমরা দীর্ঘদিন ধরে এটি যান চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়ে আসছিলাম। অবশেষে সেই দাবি বাস্তবায়িত হয়েছে।”
২ নম্বর রেলগেইট থেকে আসা কয়েকজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক জানান, সড়কটি চালু হওয়ায় এখন আর তীব্র যানজটের কবলে পড়তে হচ্ছে না। কম সময়ে সহজেই চাষাড়ায় পৌঁছানো যাচ্ছে।
চালক মো. পলাশ বলেন, “এই যে গাড়ি আসতেছে-যাইতেছে, এটা সবার জন্যই ভালো হইছে। বিবি রোড দিয়ে চাষাড়া আসতে আগে আধা ঘণ্টা লাগতো, আর এই দিক দিয়ে মাত্র ৪ মিনিটেই আসতে পারছি।”
আরেক মিশুকচালক আনোয়ার বলেন, “ছোট গাড়ি গেলেই যানজট হয়। এই রাস্তা চালু হলে যানজট অনেক কমবে। আগে বসে থাকতে হতো, এখন ১ নম্বর গেইট থেকে ১০ মিনিটেই চলে আসলাম।”
উল্লেখ্য, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে গত ৯ জুন নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ আল্লামা ইকবাল রোডে অবস্থিত নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের সামনে উচ্ছেদ অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।
অভিযানে কলেজের প্রধান ফটক, শিক্ষার্থীদের অভিভাবকদের অবস্থানের স্থান এবং আশপাশে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা এক্সকাভেটরের মাধ্যমে ভেঙে ফেলা হয়।
নাসিক সূত্রে জানা গেছে, নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও শিক্ষাপ্রতিষ্ঠানসংলগ্ন এলাকায় অবৈধ দখল উচ্ছেদ এবং যানবাহন ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে





































