যুবদলের কেন্দ্রীয় সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হলেন নারায়ণগঞ্জের সোহেল
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের সাইদুর রহমান সোহেল।
বৃহস্পতিবার (৪ জুন) আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পান সাইদুর রহমান সোহেল।
সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে যাত্রা শুরু করেন সোহেল। পরে কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সম্পাদক ও ছাত্রদল বেসরকারী বিশ^বিদ্যালয় শাখার সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক সদস্য ছিলেন।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ এবং যুবদলের নবনির্বাচিত সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
সোহেল বলেন, “বিগত ১৭ বছর দলের আন্দোলন সংগ্রামে জীবন বাজি রেখে মাঠে ছিলাম, দল আমাকে মূল্যায়ন করেছে। দল আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব।”





































