গলাচিপা-কলেজ রোডে সন্ত্রাস ও মাদকবিরোধী র্যালি
নারায়ণগঞ্জ শহরের জনবহুল কলেজ রোড ও গলাচিপা এলাকায় সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি এবং সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে প্রতিবেশী নিরাপত্তা কমিটি (প্রনিক)।
শুক্রবার (৫ জুন) দুপুরে জুমার নামাজের পর গলাচিপার চেয়ারম্যান বাড়ি সংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। পরে মাসদাইর, বোয়ালিয়া খাল, গলাচিপা মোড়, রুপার বাড়ি হয়ে কলেজ রোড এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি শেষ হয়।
১৯৯২ সালে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন প্রনিককে পুনরুজ্জীবিত করে একটি কল্যাণমুখী সমাজ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের নেতারা। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশেতারা বলেন, “নারায়ণগঞ্জকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও কিশোর অপরাধমুক্ত করতে সামাজিক ঐক্য, সততা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ জাগ্রত করা জরুরি।”
বক্তারা আরও বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে অপরাধ ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলা হবে। পাশাপাশি নারায়ণগঞ্জজুড়ে প্রনিকের কার্যক্রম সম্প্রসারণ এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে একত্রিত করে জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
কর্মসূচিতে অংশ নেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, প্রনিকের আহ্বায়ক লে. কর্নেল (অব.) হুমায়ুন কবীর রিপন, গলাচিপা পঞ্চায়েত কমিটির সভাপতি নাসির উদ্দিন মন্টু, গলাচিপা আব্দুল আউয়াল মাদরাসার সভাপতি শামসের আলী, বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক এম এ মান্নান পটু, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান প্রমুখ।
এছাড়া স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পুলিশ এবং সিটি কর্পোরেশনের প্রতিনিধিরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।





































