শ্রমিকবান্ধব বাজেটের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ
গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশন ব্যবস্থা চালু, স্বল্পমূল্যে আবাসন, সহজলভ্য চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলা শাখা। একই সঙ্গে শ্রমখাতের নীতি নির্ধারণ ও বাস্তবায়নের সব পর্যায়ে শ্রমিক প্রতিনিধিদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকাল ৫টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা। জেলা সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি আবু নাঈম খান বিপ্লব এবং গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ।
বক্তারা বলেন, দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প হলেও এ খাতের শ্রমিকরা এখনও ন্যায্য জীবনযাত্রার মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসাভাড়া বৃদ্ধি, চিকিৎসা ও শিক্ষা ব্যয়ের চাপ শ্রমিক পরিবারের জীবনকে কঠিন করে তুলেছে। অথচ জাতীয় বাজেটে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে পর্যাপ্ত উদ্যোগ দৃশ্যমান নয়।
তারা আরও বলেন, রেশনিং ব্যবস্থা চালু হলে শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে এবং বাজারের অস্থিরতার প্রভাব কমবে। পাশাপাশি শিল্পাঞ্চলভিত্তিক স্বল্পমূল্যের আবাসন, শ্রমিকদের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা এবং অবসর, দুর্ঘটনা, মাতৃত্ব ও বেকারত্বকালীন সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করা জরুরি।
সমাবেশে অভিযোগ করা হয়, শ্রমখাত সংশ্লিষ্ট নীতি ও সিদ্ধান্ত গ্রহণে প্রকৃত শ্রমিক প্রতিনিধিদের মতামত উপেক্ষা করা হয়। ফলে বাস্তব সমস্যাগুলো নীতিমালায় প্রতিফলিত হয় না। এ অবস্থায় শ্রমিক সংগঠনের নির্বাচিত প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান নেতারা।
সমাবেশ থেকে জাতীয় বাজেটে শ্রমজীবী মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়ন ছাড়া টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।





































