বিএনপি নেতাকে মারধর করে বহিষ্কার যুবদলের চারজন
নারায়ণগঞ্জ জেলা পরিষদে এক বিএনপি নেতাকে মারধরের ঘটনার জেরে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে চার যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৃহস্পতিবার (৪ জুন) নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো. মামুন, ২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছার, শ্রী নিতাই ও মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা যুবদলের আহ্বায়ক মো. সাদেকুর রহমান সাদেকের পরামর্শক্রমে তাঁদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সকল পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।
এর পূর্বে দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে তর্কের জেরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অকিল উদ্দিন ভূইয়ার ওপর হামলার ঘটনা ঘটে। কিল-ঘুষিতে আহত হন তিনি।
অকিল উদ্দিন ভূইয়ার অভিযোগ, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির সঙ্গে তুচ্ছ একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁর অনুসারীরা হামলা চালায়। যুবদল নেতা রনির নির্দেশেই এ হামলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে মশিউর রহমান রনি এ অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করেন। তিনি বলেন, তাঁর কিছু অনুসারী এ ঘটনায় জড়িত থাকলেও এতে তাঁর কোনো নির্দেশনা ছিল না। তাৎক্ষণিক উত্তেজনার কারণে ঘটনাটি ঘটেছে এবং জড়িত অতিউৎসাহী কর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।





































