আইভীর বাড়িতে গিয়ে চাকরি হারালেন প্রতিবেশী নাসিক কর্মী
জেল থেকে ফেরার পর সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বাসায় দেখতে যাওয়ার অভিযোগে টরিক আহমেদ নামের নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের চতুর্থ শ্রেণীর এক কর্মচারীকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে।
নগরীর দেওভোগে ডা. আইভীর পাশের বাড়ির বাসিন্দা কামাল আহমেদের ছেলে টরিক আহমেদ জানান, তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে পিয়নের কাজ করতেন।
বৃহস্পতিবার দুপুরে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন তাকে ডেকে নিয়ে বলেন, টরিক বুধবার রাতে সাবেক মেয়র আইভীর বাসায় গিয়েছিল। তার ছবি ফেসবুকে এসেছে।
টরিক বিষয়টি অস্বীকার না করে জানায়, প্রতিবেশী হওয়ায় ও দীর্ঘদিন পর জেল থেকে ছাড়া পাওয়ায় তিনি মেয়র আইভীকে দেখতে গিয়েছিলেন। তার উত্তরে প্রশাসক তাকে সাবেক মেয়র আইভীর কাছ থেকে বেতন নিতে বলে তাকে চাকরি থেকে ছাঁটাই করেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, সে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাজ করে একটি ব্যাংকের এজেন্ট শাখায় চাকরি করে। সিটি করপোরেশনে হাজিরা দিয়ে সে চলে যায়। এ অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। সাবেক মেয়র আইভীর সাথে দেখা করায় তাকে চাকরিচ্যুত করা হয়নি।





































