০৫ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪০, ৫ জুন ২০২৬

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখা।

শুক্রবার (৫ জুন) বিকেলে নগরীর চাষাঢ়ায় শহীদ জিয়া হলের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, বিইআরসি নতুন করে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার বৃদ্ধি করেছে। পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে ১৫ থেকে ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত মূল্য বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে। বিদ্যুৎ বিভাগের দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা, ভুল পরিকল্পনা ও অপচয়ের দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়ার ফলেই এই মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।

বক্তারা আরও বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে দ্রব্যমূল্য আরও বেড়ে যাবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠবে। তারা অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য কমানোর দাবি জানান। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সহ-সভাপতি অধ্যাপক শাহ আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শরীফ মিয়াজী, মুফতি আব্দুল গনী, মুস্তাফিজুর রহমান মুনঈম, মহানগর উলামা সম্পাদক মাওলানা নুর হুসাইন নূরানী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ এবং ইসলামী ছাত্র মজলিসের মহানগর প্রচার সম্পাদক শাফিন আব্দুল্লাহ শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়