দেড় হাজার মানুষের মাঝে বিভা হাসানের ঈদবস্ত্র বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের প্রায় দেড় হাজার মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছেন সাবেক নারী কাউন্সিলর ও প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা হাসান।
রোববার (১৫ মার্চ) বিকেলে শহরের বাবুরাইল এলাকায় তিন ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে এসব ঈদবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা, ক্রীড়াবিদ ও শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১ নম্বর বাবুরাইল এলাকার তারেক আফজাল, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল হক চৌধুরী দিপু, ১৮ নম্বর ওয়ার্ড জমিদার কাচারি গল্লি প্রত্যাশা সমাজকল্যাণ সংঘের সভাপতি সাইদুর রহমান লিপন, সাধারণ সম্পাদক খোরশেদা কাসেম, মহানগর বিএনপির ১৭ নম্বর ওয়ার্ড সভাপতি ফারুক আহম্মেদ, ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, ব্যবসায়ী আনোয়ার হোসেন, আহাম্মদ আলী, শাজাহান বেপারী, মুজাহিদ আহম্মেদ, ১৬ নম্বর ওয়ার্ড মহিলাদলের সভাপতি তাসলিমা আক্তার, নজরুল ইসলাম, মুসলিম নগর পঞ্চায়েত কমিটির সভাপতি মোবারক হোসেন, আলেক মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদুজ্জামান মাসুদ বলেন, সমাজের উন্নয়নে নারীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভা হাসান সমাজের মূলধারায় নেতৃত্ব দিয়ে নারীদের সক্ষমতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আফসানা আফরোজ বিভা হাসান বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোই তার প্রধান লক্ষ্য। তিনি বলেন, ঈদকে সামনে রেখে মানুষের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বক্তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান।





































