অপতথ্য মোকাবিলায় নারায়ণগঞ্জে সাংবাদিকদের ‘দ্য ডিসেন্ট’র প্রশিক্ষণ
সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত অপতথ্য শনাক্ত ও তা ছড়ানো থেকে বিরত থাকার উপায় জানাতে নারায়ণগঞ্জে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছিল ফ্যাক্ট-চেকিং-এর উপর কাজ করা প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) সহযোগিতায় শনিবার (১৪ মার্চ) সকাল এগারোটা থেকে এ কর্মশালা চলে বিকেল পর্যন্ত। নারায়ণগঞ্জভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম ‘প্রেস নারায়ণগঞ্জ’-এর কার্যালয়ে এ আয়োজন করা হয়।
এতে অংশ নেন জাতীয় ও স্থানীয় পর্যায়ে গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও রাজনৈতিক কর্মীরা। আলোচক ছিলেন ‘দ্য ডিসেন্ট’-এর সম্পাদক কদরুদ্দিন শিশির।
আলোচক ভুল তথ্য, অপতথ্য ও গুজব সম্পর্কে ধারণা দেন এবং এসব বিষয়ে ফ্যাক্ট-চেকিং করার বেশকিছু উপায় তুলে ধরেন। ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে পড়া এসব অপতথ্য সহজ পদ্ধতিতে বিশ্লেষণের পদ্ধতিও জানান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য ছড়ানোর আগে তা যাচাই করার বিষয়েও তাগিদ দেন আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির সাবেক এ ফ্যাক্টচেক বিভাগের সম্পাদক। একইসঙ্গে গণমাধ্যমে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাংবাদিক ও বার্তকক্ষের দায়িত্বে থাকা কর্তা-ব্যক্তিদের নির্ভুল তথ্য সরবরাহের দিকে নজর দেওয়ার তাগিদ দেন।





































