১৬ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৪৭, ১৫ মার্চ ২০২৬

তোলারাম কলেজে ছাত্র শিবিরের ইফতার, অংশ নিলেন প্রায় ৬০০ শিক্ষার্থী

তোলারাম কলেজে ছাত্র শিবিরের ইফতার, অংশ নিলেন প্রায় ৬০০ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে সাধারণ শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, তোলারাম কলেজ শাখা। রবিবার (১৫ মার্চ) পবিত্র রমজানের ২৫তম দিনে বিকেলে কলেজ মাঠে মাদুর পেতে প্রায় ৬০০ শিক্ষার্থীকে নিয়ে ব্যতিক্রমধর্মী এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

প্রধান অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ সিবগা বলেন,“রমজান আমাদের আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। একজন মুসলমান হিসেবে আমাদের উচিত রমজানের শিক্ষা ব্যক্তিজীবন, সমাজজীবন ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করা। নৈতিকতা, সততা ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ গড়ে তুলতে হলে কুরআনের শিক্ষাকে ধারণ করতে হবে। আমরা বিশ্বাস করি, আগামীর পৃথিবী হবে ইসলামের ন্যায়-নীতি ও মানবিকতার পৃথিবী।”

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। সব ছাত্র সংগঠনের নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “ভিন্ন মত ও পথ থাকলেও আমরা সবাই এ দেশের নাগরিক। সবাই মিলে একসাথে ইফতার করতে পারা সম্প্রীতি ও সৌহার্দ্যের একটি সুন্দর দৃষ্টান্ত। তরুণ সমাজকে বিভাজনের রাজনীতি থেকে বের হয়ে নৈতিক ও মানবিক মূল্যবোধে ঐক্যবদ্ধ হতে হবে।”

এসময় ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রসঙ্গ তুলে তিনি সরকারের সমালোচনা করে বলেন, “জুলাই সনদের বিষয়ে সরকার এখনো গড়িমসি করছে। যদিও সরকারি দলের প্রধানমন্ত্রী ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মত দিয়েছেন, তারপরও বাস্তবায়নের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নেই। আমরা মনে করি জনগণের প্রত্যাশা পূরণে এই সনদ দ্রুত বাস্তবায়ন করা উচিত। অন্যথায় দেশের তরুণ সমাজ ও ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবো।”

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সরকারি তোলারাম কলেজ ছাত্র শিবিরের সভাপতি জহিরুল ইসলাম। তিনি বলেন, “রমজান শুধু ইবাদতের মাস নয়, এটি আত্মসংযম ও মানবিকতার শিক্ষা গ্রহণের মাস। একজন শিক্ষার্থী হিসেবে আমাদের উচিত এই মাসের শিক্ষা নিজেদের জীবনে ধারণ করা এবং সমাজে ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।”

বিশেষ অতিথির বক্তব্যে কলেজ শিবিরের সাবেক সভাপতি অমিত হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,“পবিত্র কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, এর অর্থ ও মর্ম বুঝে পড়া প্রয়োজন। কুরআনের শিক্ষা আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে সঠিক পথ দেখায়। তাই শিক্ষার্থীদের বেশি বেশি অর্থসহ কুরআন পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।”
তিনি শিক্ষকদের প্রতিও শিক্ষার্থীদের জন্য সুষ্ঠু ও সুন্দর পড়াশোনার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শিবিরের সেক্রেটারি মুহাম্মদ আমজাদ হোসেন, সাবেক ছাত্রদল নেতা মেহেদী হাসান ফারহান, ছাত্র শক্তির মহানগর আহ্বায়ক আমিনুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন আকাশ, সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়া ও সাধারন সম্পাদক ফারুক, ছাত্র আন্দোলনের সভাপতি শাহ মুহাম্মদ ছগির, নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আলিমুল ইসলাম সিফাতসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘ঐতিহ্য শিল্পীগোষ্ঠী’ ইসলামী সংগীত পরিবেশন করে উপস্থিত শিক্ষার্থীদের মুগ্ধ করে।

সবশেষে মাওলানা আব্দুল মোমেনের দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-কল্যাণ কামনা করে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়