১৫ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৬, ১৫ মার্চ ২০২৬

সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি মান্নানের ইসিজি মেশিন প্রদান

সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি মান্নানের ইসিজি মেশিন প্রদান

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মানোন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান। তার ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে হাসপাতালটিতে একটি আধুনিক ইসিজি মেশিন প্রদান করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) দুপুরে সংসদ সদস্যের পক্ষ থেকে তার পুত্র ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুবের হাতে আনুষ্ঠানিকভাবে মেশিনটি তুলে দেন।

ইসিজি মেশিন হস্তান্তরের পর খাইরুল ইসলাম সজিব হাসপাতালের সার্বিক চিকিৎসা পরিস্থিতি নিয়ে ডা. সুমাইয়া ইয়াকুবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি হাসপাতালের পুরোনো ভবনের ক্ষতিগ্রস্ত ও জীর্ণ অংশগুলো সরেজমিনে পরিদর্শন করেন এবং দ্রুত সংস্কারের বিষয়ে আলোচনা করেন।

পরিদর্শনকালে তিনি সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তারা সময়মতো মানসম্মত চিকিৎসা ও ওষুধ পাচ্ছেন কি না সে বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় খাইরুল ইসলাম সজিব বলেন, সোনারগাঁয়ের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এমপি আজহারুল ইসলাম মান্নানের অন্যতম অগ্রাধিকার। ইসিজি মেশিনের অভাবে হৃদরোগের প্রাথমিক পরীক্ষা করতে রোগীদের যেন বাইরে যেতে না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও হাসপাতালের উন্নয়নে এ সহযোগিতা অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়