সিদ্ধিরগঞ্জে পরিবহন সেক্টরে কোন চাঁদাবাজি চলবে না: সুমন মুন্সী
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় বিএনপির নাম ভাঙিয়ে পরিবহন ও সিএনজি স্ট্যান্ড থেকে কোন চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের আহবায়ক জি এম সুমন মুন্সী।
রোববার (১ মার্চ) দুপুরে শিমরাইল মোড়ে চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দেশের বিভিন্ন অঞ্চলে বাস, ট্রাক, সিএনজি অটোরিকশা, ফুটপাত, ব্যাটারিচালিত রিকশা ও অন্যান্য যানবাহন থেকে নিয়মিত চাঁদাবাজির অভিযোগ থাকলেও সিদ্ধিরগঞ্জে কোন চাঁদাবাজি চলবে না বলে জানান বিএনপির এই নেতা।
আরও বলেন, আজ থেকে সড়কে কোনো রিকশা, সিএনজি, বাস, ট্রাক থেকে কোন চাঁদাবাজি চলবে না জানিয়ে বিএনপি নেতা জিএম সুমন মুন্সী চালকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সবসময় সড়ক আইন মেনে গাড়ি চালাবেন। যেনো সড়কে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে। কেউ আপনাদের কাছে চাঁদা চাইলে সাথে সাথে আমাকে জানাবেন। আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।
তিনি আরও বলেন, চাঁদাবাজদের চিহ্নিত করা না গেলে পরিবহনে চাঁদাবাজি বন্ধ করা যাবে না। তাই চাঁদাবাজি বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
তবে এ বিষয়ে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ- সোনারগাঁও) আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব জানান, এই আসনে কোনো চাঁদাবাজি করতে দেওয়া হবে না। আমি শুনেছি শিমরাইল মোড়ে এ রহমান সুপার মার্কেটের সামনে সিএনজি স্ট্যান্ডে স্টিকারের মাধ্যমে চাঁদা আদায় করা হচ্ছে। তিনি ঐসব চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নিয়ে হুশিয়ারি দিয়েছেন, সিএনজি থেকে যে চাঁদা আদায় করা হয়েছে তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে চালকদের নিকট ফেরত দেওয়ার জন্য। চাঁদার টাকা চালকদের ফেরত না দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।





































