ফতুল্লায় নাশকতার অভিযোগে যুবলীগের চার কর্মী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লালপুর এলাকার ছানাউল্লাহর বাড়ির ভাড়াটিয়া জব্বার শিকদারের ছেলে মো. রাকিব (২৫), একই এলাকার নাঈম মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. জলিলের ছেলে মো. নিশাদ (২৩), পৌষাপুকুর পাড় এলাকার দুলাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া মিঠুর ছেলে রাফি (১৯) ও সুরুজ মিয়ার ছেলে আরিফ (২৬)।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
ওসি দাবি করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁদের মোবাইল ফোনে বিভিন্ন রাজনৈতিক মিছিলে অংশগ্রহণের ভিডিও পাওয়া গেছে। এ ছাড়া যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের ভিডিও এবং দেশের ভেতরে ও বাইরে অবস্থানরত ব্যক্তিদের সঙ্গে গ্রুপ চ্যাটের তথ্যপ্রমাণ পাওয়া গেছে বলেও জানান তিনি।





































