বন্দরে নিখোঁজ কিশোরীর খোঁজ মেলেনি ৩ মাসেও
নারায়ণগঞ্জের বন্দরে রেখা আক্তার (১৪) নামে এক মানসিক ভারসাম্যহীন কিশোরী নিখোঁজের ৩ মাস অতিবাহিত হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।
একমাত্র মেয়ের খোঁজে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় পিতা, কিন্তু আজ পর্যন্ত কোনো সুখবর না পাওয়ায় পরিবারটিতে চরম হতাশা ও অন্ধকার নেমে এসেছে।
এর আগে, গত ১০ মার্চ (মঙ্গলবার) বিকেল আনুমানিক ৩টার সময় বন্দর থানাধীন ২১ নম্বর ওয়ার্ডের (বাংলাদেশ পাড়া) এলাকার নিজ বাসা থেকে পরিবারের সবার অজান্তে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি রেখা।
এই ঘটনায় নিখোঁজ কিশোরীর পিতা আবদুল কাদির বাদী হয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার নম্বর ৮১০ (তারিখ: ১৩/০৩/২০২৬)।
জিডি ও পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজ রেখা আক্তার দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল। ঘটনার দিন দুপুরে সবার অজান্তে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে ঘরে না ফেরায় পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু ৩ মাস পেরিয়ে গেলেও প্রতিবন্ধী এই কিশোরীর কোনো হদিস পাওয়া যায়নি।
নিখোঁজের পর থেকেই মেয়ের সন্ধানে বন্দর থানা ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন বাবা আবদুল কাদির। মেয়ের বর্তমান অবস্থা নিয়ে চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে পুরো পরিবারের।
তিনি তার সন্তানকে ফিরে পেতে প্রশাসন ও সাংবাদিকদের জরুরি হস্তক্ষেপ এবং সহযোগিতা কামনা করেছেন।





































