অখিলউদ্দিন ভূইয়ার ওপর হামলা, যুবদল আহ্বায়ক সাদেকের নিন্দা
নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে জেলা বিএনপি নেতা অখিলউদ্দিন ভূইয়ার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক।
শনিবার (৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান।
বিবৃতিতে সাদেকুর রহমান সাদেক বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও ফতুল্লা থানা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে কতিপয় উশৃঙ্খল লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করে একজন বর্ষীয়ান, ত্যাগী ও নির্যাতিত নেতা অখিলউদ্দিন ভূইয়াকে হেনস্তা ও লাঞ্ছিত করেছে। তিনি এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এই হামলা কেবল অখিলউদ্দিন ভূইয়ার ওপর নয়, বরং এটি জেলা বিএনপির সাংগঠনিক শৃঙ্খলার জন্য একটি বড় চ্যালেঞ্জ।
যুবদল আহ্বায়ক হামলার ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজনকে বহিষ্কারের খবর প্রসঙ্গে তিনি বলেন, তিনি এ বিষয়ে অবগত নন এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে কোনো অনুমোদন দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, বহিষ্কৃত হিসেবে যাদের নাম এসেছে, তারা জেলা, থানা কিংবা যুবদলের কোনো পর্যায়ের সদস্য নন এবং তিনি তাদের চেনেন না।
সাদেকুর রহমান সাদেক অভিযোগ করে বলেন, ব্যক্তিগত পেশিশক্তি প্রদর্শনের জন্য ব্যবহৃত লোকজনের অপরাধ ঢাকতে তাদেরকে যুবদলের নেতাকর্মী হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
তিনি নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপি ও ফতুল্লা থানা বিএনপির দায়িত্বশীল নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনার সঠিক তদন্ত করে মূল অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।





































