ফতুল্লায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় বৃদ্ধ ও পরিবারের ওপর হামলা
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক বৃদ্ধ ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় একটি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লা উপজেলার বক্তাবলী ইউনিয়নের আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত হন মো. হাসান আলী মাদবর। তাকে আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে মো. পারভেজ বাদী হয়ে সুজন (৩৫), **হালিম মোল্লা (৪২)**সহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫–৬ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সুজন (৩৫), হালিম মোল্লা (৪২), সোহেল মোল্লা ও সাগর মোল্লাসহ অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে মাদক বিক্রিকে কেন্দ্র করে বাদীর চাচাতো ভাইয়ের সঙ্গে দ্বিতীয় আসামি হালিম মোল্লার কথা কাটাকাটি হয়।
এরই জেরে শনিবার সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আনন্দবাজার এলাকায় পারভেজের দোকানের সামনে হামলা চালায়। এ সময় হাসান আলী মাদবর তাদের গালিগালাজ করতে নিষেধ করলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগে বলা হয়, হালিম মোল্লার নির্দেশে সুজন ও তার সহযোগীরা কাঠের ডাসা ও লাঠি দিয়ে হাসান আলীকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে তার মাথা ও পায়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করা হয়।
হাসান আলীর চিৎকারে স্ত্রী পারভীন আক্তার ও ছোট ছেলে আবু হানিফ (১১) এগিয়ে এলে তাদেরও মারধর করে আহত করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
বাদী মো. পারভেজ জানান, অভিযুক্ত মাদক কারবারীরা এলাকায় প্রভাবশালী ও হিংস্র প্রকৃতির। হামলার পর থেকে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং পুনরায় হামলার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





































