ফতুল্লায় শাশুড়িকে হত্যার ঘটনায় জামাতার মৃত্যুদন্ড
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৃদ্ধা শাশুড়িকে হত্যার ঘটনায় মেয়ের জামাতা নাজমুল হোসেন হীরাকে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন হিরা ফতুল্লা দেওভোগ মাদরাসা নগর এলাকার মৃত মনা মুন্সীর ছেলে। নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ (পিপিএম) এর সত্যতা নিশ্চিত করেছেন।
আদালতের নথি সূত্রে জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন হিরা কোনো কাজকর্ম করতেন না। তিনি মাদকাসক্ত ছিলেন। আর এই মাদকের টাকা জোগাতে ২০২৪ সালের ৬ জুন তার শাশুড়ি ও উত্তর নরসিংপুর এলাকার মৃত সামছুল হকের স্ত্রী আম্বিয়া খাতুনকে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। এই ঘটনায় তার স্ত্রীর বড় ভাই মো. সাইফুল ইসলাম সজীব বাদী হয়ে হত্যা মামলা করেন।
সেই মামলায় আদালত আজ এই রায় ঘোষণা করেন।





































