ফতুল্লায় ২০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
মাদকবিরোধী অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ২০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে ফতুল্লা থানাধীন দেলপাড়া এলাকায় অভিযুক্তদের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ২০ কেজি গাঁজা উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মো. হোসেন মিয়া (৪০) এবং মো. রিপন মিয়া (২৮)।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের এলাকায় বহন, সরবরাহ ও বিক্রি করে আসছিল।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।





































