শামীম ওসমানকে নিয়ে যা বললেন জামায়াতের সেক্রেটারি
নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে নিয়ে নির্বাচনি জনসভায় কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের শিমরাইল এলাকায় ট্রাকস্ট্যান্ডে জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি ছিলেন তিনি।
জামায়াতের এ নেতা শামীম ওসমানকে ‘গডফাদার’ উল্লেখ করে বলেন, “এই নারায়ণগঞ্জ নানা কারণে আলোচিত-সমালোচিত। এই নারায়ণগঞ্জের সাইনবোর্ডে একজন গডফাদার, তিনি নিজেকে অত্যন্ত সাহসী, নির্ভীক ও লৌহমানব বলে দাবি করতেন। উনি লিখে রেখেছিলেন- জামায়াতে ইসলামীর নেতাদের এই নারায়ণগঞ্জে প্রবেশ নিষেধ। আমি এই রাস্তা দিয়ে যেতাম, আসতাম আর এই সাইনবোর্ডটা দেখতাম।”
“আজকেও আসার পথে স্মরণ করছিলাম। এইখানে জামায়াতে ইসলামী নিষিদ্ধ, আসতে পারবে না এই শহরে। কিন্তু আল্লাহ’র হুকুম তারা মনে রাখে না। মানুষের কোনো ইচ্ছাই পূরণ হয় না, যতক্ষণ আল্লাহ তাআলা পূরণ না করেন। উনি (শামীম ওসমান) ইচ্ছা করেছিলেন, জামায়াতকে এখানে ঢুকতে দিবে না। কিন্তু আল্লাহ তাআলা জামায়াতকেই প্রবেশাধিকার দিয়ে, তাকেই ঢোকা নিষেধ করে দিয়েছে।”
গোলাম পরওয়ার আরও বলেন, “ওনাদের নেত্রীও এই রকম ভাবতেন। বিস্ময়কর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অত্যন্ত লজ্জাজনকভাবে কাপুরুষের মতো এদেশ থেকে তাকে পালিয়ে যেতে হয়েছে। এইখান থেকে জামায়াতে ইসলামীকেও অনেক কিছু শেখার আছে। জামায়াত ইসলামী, বিএনপি, জাতীয় পার্টি ও আওয়ামী লীগেরও শেখার আছে। কখনো দম্ভ, অহংকার, আক্রোশে নিজেকে বেপরোয়া মনে করতে হয় না। অসীম ক্ষমতায় অহংকারি হয়ে ভিন্ন মতের উপর দমন-পীড়ন করতে হয় না। করলে কী রকম পরিণতি হয় তা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে শিক্ষা নেওয়ার দরকার আছে।”
এ জনসভায় জামায়াতে ইসলামীর নেতৃত্বে নির্বাচনি জোটের পাঁচটি আসনে মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।





































