০৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:১২, ৩ ফেব্রুয়ারি ২০২৬

কোনো ভাইয়ের রাজনীতি নয়, দলকে ভালোবাসি: ইকবাল

কোনো ভাইয়ের রাজনীতি নয়, দলকে ভালোবাসি: ইকবাল

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন বলেছেন, “কোনো ভাইয়ের রাজনীতি করিনি। দলকে ভালোবেসে দলের মনোনীত ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করছি।”

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁও) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে প্রচারণা ও গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনের অনুসারী ও বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে পরিচিত। একই আসনে দলের প্রার্থীর বিরুদ্ধে মাঠে থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন গিয়াসউদ্দিন। এ কারণে বিদ্রোহী প্রার্থী গিয়াসউদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত ইকবাল হোসেন দলের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে সঠিকভাবে দায়িত্ব পালন করবেন কিনা—এ নিয়ে প্রশ্ন উঠেছে।

সব গুঞ্জন উড়িয়ে দিয়ে ইকবাল হোসেন বলেন, তিনি ১৯৯১ সাল থেকে বিএনপিকে ভালোবেসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে যুক্ত হন। বিএনপি ক্ষমতাচ্যুত হওয়ার পর ভয়াবহ রাজনৈতিক পরিস্থিতির মুখে পড়তে হয় তাকে। আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হয়। রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে মোট ৭৬টি মামলা রয়েছে, যার মধ্যে গত জুলাই–আগস্টের আন্দোলনের সময় ১৪টি হত্যা মামলা দায়ের করা হয় বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে একাধিকবার কারাভোগ করতে হয়েছে তাকে। একই সঙ্গে হয়রানির শিকার হয়েছেন পরিবারের সদস্যরাও। দফায় দফায় সন্ত্রাসী হামলা চালানো হয়েছে তার বসতবাড়িতে। গত বছরের জুলাই–আগস্টে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, সানারপাড় ও মৌচাক এলাকায় সড়ক অবরোধ করে ইকবাল হোসেন ও যুবদল নেতা মশিউর রহমান রনির নেতৃত্বে তীব্র আন্দোলন গড়ে তোলা হয়। তাদের এই আন্দোলনের মুখেই শেখ হাসিনা সরকারের পতন হয়েছে বলে দাবি করেন তিনি।

ইকবাল হোসেন বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৭ বছর জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আজীবন সংগ্রাম করেছেন। জনগণের দাবি আদায়ে গিয়ে তিনি বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন।” তিনি সিদ্ধিরগঞ্জের নাসিক ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলেও দাবি করেন।

তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁও) আসনের ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে বিপুল ভোটে বিজয়ী করে এই আসনটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে হবে।

এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের দমনে কঠোর অবস্থান নিয়েছে দলীয় হাইকমান্ড। ইতোমধ্যে শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। তবে দলীয় প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র হিসেবে প্রার্থিতা অব্যাহত থাকায় এবং ভোট বিভক্তির আশঙ্কায় চাপে রয়েছে বিএনপি।

তারেক রহমানের অনুরোধে অনেক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেও নির্দেশ অমান্য করে এখনো মাঠে রয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকেও বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়