০৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:৪২, ৩ ফেব্রুয়ারি ২০২৬

কদম রসূল সেতুর বিরোধীরা বন্দরবাসীর ভোট পাবে না: তারিকুল

কদম রসূল সেতুর বিরোধীরা বন্দরবাসীর ভোট পাবে না: তারিকুল

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মাথাল প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারিকুল ইসলাম সুজন বন্দরে গণসংযোগকালে বলেছেন, “কদম রসূল সেতু বন্দরবাসীর দীর্ঘদিনের ন্যায্য দাবি। যারা অতীতে এই সেতুর বিরোধিতা করেছে, তারা কখনোই বন্দরবাসীর ভোট পাবে না।”

গণসংযোগকালে তিনি বলেন, কদম রসূল সেতু বাস্তবায়িত হলে শুধু শহর ও বন্দরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে না, বরং দুই পারের মানুষের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক যোগসূত্র আরও দৃঢ় হবে। শিল্প, ব্যবসা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারিকুল ইসলাম সুজন বলেন, “এই সেতু বন্দর এলাকার অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সরাসরি জড়িত। সেতু বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে এবং পুরো অঞ্চলটি নতুন গতিতে এগিয়ে যাবে।”

তিনি অভিযোগ করে বলেন, “অতীতে কিছু স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে কদম রসূল সেতুর বিরোধিতা করেছে, যা ছিল বন্দরবাসীর স্বার্থবিরোধী। এখন মানুষ সচেতন। তারা উন্নয়নের বিপক্ষে অবস্থান নেওয়া মুখোশধারীদের চিনে ফেলেছে।”

তারিকুল আরও বলেন, নির্বাচিত হলে কদম রসূল সেতু দ্রুত বাস্তবায়নের পাশাপাশি বন্দরকে একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তুলতে বিশেষায়িত শিল্পাঞ্চল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়