বন্দরে ডোবা থেকে উদ্ধার অজ্ঞাত যুবকের পরিচয় মিলেছে
বন্দরে ডোবা থেকে উদ্ধার অজ্ঞাত যুবকের মৃতদেহের নাম-পরিচয় পাওয়া গেছে। নিহত যুবকের নাম আরমান। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মধ্য কোনাগটা এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে। পেশায় একজন দিনমজুর ছিলেন।
খবর পেয়ে গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিহতের বড় ভাই ফোরকান ও তার মামা মোস্তাক আহাম্মেদ বন্দর থানায় এসে মরদেহ শনাক্ত করেন।
এর আগে, গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বন্দর উপজেলার ইস্ট টাউন হাউজিংয়ের লারিজ ফ্যাশনের পেছনে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
নিহতের বড় ভাই ক্ষুদ্র ব্যবসায়ী ফোরকান জানান, প্রায় তিন মাস আগে তার ছোট ভাই আরমান কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে আসে। মাঝে মাঝে ফোনে কথা হলেও কোথায় থাকে বা কী কাজ করে তা গোপন রাখত। সর্বশেষ গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) শবে বরাতের দিন তার সঙ্গে ফোনে কথা হয়। এরপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি।
ধামগড় ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ আলম জানান, স্থানীয়রা ধামগড় ইউনিয়নের ইস্ট টাউন হাউজিং এলাকায় লারিজ ফ্যাশনের পেছনের ডোবায় একটি অজ্ঞাত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সঙ্গে থাকা মোবাইল ফোন ও পরিহিত কাপড়-চোপড় জব্দ করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পরবর্তীতে জব্দ করা মোবাইল ফোনের কললিস্ট, সিডিআর ও আধুনিক প্রযুক্তির সহায়তায় নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করা হয়।
বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে হত্যাকা-ের মূল রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।





































