২১ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৫, ২০ জুলাই ২০২৬

ইসলামী আন্দোলন ছাড়া অন্য কেউ ইসলামী দল নয়: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন ছাড়া অন্য কেউ ইসলামী দল নয়: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলামী আন্দোলন ছাড়া যারা ইসলামের নাম ব্যবহার করে, তাদের ইসলামী দল হিসেবে পরিচয় দেওয়ার শক্তি নেই।

সোমবার (২০ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর শায়েস্তা খান রোডে জেলা শিল্পকলা একাডেমির থিয়েটার হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, ইসলামের নামে অনেকগুলো দল একত্রে চলতে পারে না। একেকজন একেক রকম ইসলামের কথা বললে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। ইসলামী আন্দোলন আল্লাহকে রাজি-খুশি করার জন্য রাজনীতি করে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, রাজনীতিতে যে নীতি ও আদর্শ বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে, সেটি সর্বস্তরের মানুষ বাস্তবে দেখতে চায়। কাঙ্ক্ষিত নীতি ও আদর্শ একমাত্র ইসলামের মধ্যেই রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অন্য ধর্মাবলম্বীদের উদ্দেশে ইসলামী আন্দোলনের আমীর বলেন, হিন্দু, খ্রিষ্টানসহ সবাই যদি স্বাধীনভাবে ও শান্তিতে থাকতে চান, তাহলে ইসলামের নীতি-আদর্শ ছাড়া অন্য কোনো নীতি-আদর্শে শান্তি পাওয়া সম্ভব নয়।

২০২৬ সালের জাতীয় নির্বাচন প্রসঙ্গে রেজাউল করিম বলেন, নির্বাচন নিয়ে তিনি মনের দিক থেকে শতভাগ পরিষ্কার। ইসলামী আন্দোলনের আগের ও পরবর্তী সব কার্যক্রম আল্লাহর পক্ষ থেকে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতের সঙ্গে জোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইসলামের নামে অনেকগুলো দল একত্রে চলতে পারে না। ইসলামের নামে ভেতরে যে ধোঁকাবাজি রয়েছে, তা আগে পরিষ্কার ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমানে ইসলামী আন্দোলন ছাড়া যারা ইসলামের নাম ব্যবহার করে, তাদের ইসলামী দল হিসেবে পরিচয় দেওয়ার শক্তি নেই। ইসলামী আন্দোলনই আগামী দিনে ইসলামের পক্ষে কাজ করবে বলে দাবি করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রেজাউল করিম বলেন, দেশের মানুষ আর কতদিন মায়ের কান্না শুনবে। মানুষকে রাস্তায় গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকতে হবে কি না এবং দেশের টাকা পাচার কতদিন চলবে এসব প্রশ্ন তোলেন তিনি।

নারায়ণগঞ্জ প্রসঙ্গে ইসলামী আন্দোলনের আমীর বলেন, নারায়ণগঞ্জের মাটি ইসলামের পক্ষে থাকে। ঢাকায় ইসলামী আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে নারায়ণগঞ্জের নেতাকর্মীদের অংশগ্রহণের প্রশংসাও করেন তিনি।

সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার পুরোনো কমিটি বিলুপ্ত করে দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সভাপতি মো. আব্দুর রশিদ, সহসভাপতি ফারুক আহমেদ মুনশি ও সেক্রেটারি মাওলানা শিব্বির আহমদের নাম ঘোষণা করা হয়।

মহানগর কমিটিতে সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সহসভাপতি মুফতি মাছুম বিল্লাহ ও সেক্রেটারি মো. সুলতান মাহমুদের নাম ঘোষণা করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়