‘জুলাইয়ের শহীদদের যারা চেনে না, জনগণ তাদেরও চিনবে না’
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বার বলেছেন, “আমাদের ছেলে-মেয়েরা হাত, পা এবং চোখ বিসর্জন দেওয়ার পরেও যারা নতুন করে জুলাই বিপ্লবকে চিনতে চায় না, আগামী দিনে দেশের জনগণ তাদেরকেও চিনবে না।”
মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় চাষাঢ়ার আন-নূর মিলনায়তনে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল জব্বার বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন দেশ থেকে এসে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তারা বিএনপির ওপর বিভিন্ন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পাঁয়তারা করছে। ইনশাআল্লাহ আগামীতে যে সংসদ বসবে, সেখানে একটি চূড়ান্ত ফয়সালা হবে। তিনি আশা প্রকাশ করেন, ঈদের পর গঠিত নতুন সংসদে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ।
এসময় উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, কর্মপরিষদ সদস্য মো. জাকির হোসাইন, হাফেজ আব্দুল মোমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রেখে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।




































