ভয় ও প্রলোভনমুক্ত নির্বাচন করতে চাই: রাজেকুজ্জামান রতন
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রাজেকুজ্জামান রতন বলেছেন, “নির্বাচন হবে জনগণের জন্য, জনগণের টাকায়। এখানে কেউ কোনো প্রলোভন দিতে পারবে না, কেউ ভোট বিক্রি করতে পারবে না, কেউ ভয় দেখাতে পারবে না। আমরা চাই ভয় ও প্রলোভনমুক্ত নির্বাচন।”
বুধবার (৪ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ-৫ আসনে বাসদ মনোনীত প্রার্থী আবু নাঈম খান বিপ্লবের নির্বাচনী গণসংযোগ শেষে দুই নম্বর রেলগেট এলাকায় পথসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “গত ১২টি নির্বাচনে আমাদের নির্বাচন ব্যবস্থাকে বাজানো হয়েছে। শ্রমিকের ভোট নিয়ে শ্রমিকের বিরুদ্ধে আইন প্রণয়ন করা, নারীর ভোট নিয়ে নারীকে বাইরে বের হতে দেওয়া হবে না—এগুলো আমরা আর দেখতে চাই না। মানুষের মর্যাদা ও অধিকার রক্ষার জন্য ‘মই’ মার্কায় ভোট দিতে হবে।”
রাজেকুজ্জামান রতন আরও বলেন, “দেশের ২৬ শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে নেমে গেছে। মানুষ এখনও ঠিকমতো পুষ্টিকর খাবার খেতে পারে না। শিক্ষা ও চিকিৎসার অধিকার থেকেও মানুষ বঞ্চিত। এমন পরিস্থিতিতে আমাদের দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে শ্রমজীবী মানুষের কথা বলার সংসদ গঠিত হবে, সেটি নিশ্চিত করতে হবে।”
এর আগে বিকেলে বঙ্গবন্ধু সড়ক থেকে শুরু করে, মেট্রোহল মোড় হয়ে কালীরবাজার পর্যন্ত এবং শেষমেশ দুই নম্বর রেলগেটে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
পথসভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনে বাসদের প্রার্থী আবু নাঈম খান বিপ্লব, বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য এম. এ. মিল্টন, বাসদ জেলা বর্ধিত ফোরামের সদস্য ও ৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব প্রদীপ সরকার, জেলা বর্ধিত ফোরামের সদস্য ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, বাসদ ১৫ নং ওয়ার্ডের নেতা তাজুল ইসলাম, ১৮ নং ওয়ার্ডের বাসদ নেতা খলিলুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।





































