সিদ্ধিরগঞ্জে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের ৬ লাখ টাকাসহ মাদক কারবারি ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার মৌচাক বোতল ফ্যাক্টরি রোডে পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন পটুয়াখালীর নলছিটি থানার মোহাম্মদ মনিরুল ইসলাম (৩৭) এবং তার স্ত্রী নুপুর বেগম (৩৫)।
তারা সিদ্ধিরগঞ্জে নাদিম আহমেদের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, মনিরুল একই থানার সাহেবপাড়া নার্সারি গলির বাসিন্দা মোহাম্মদ রাসেল গাজী (৩৮) নামে আরেকজনের সঙ্গে যৌথভাবে মাদক কারবার পরিচালনা করেন। রাসেলও পটুয়াখালীর দশমিনা উপজেলার স্থায়ী বাসিন্দা। তার বাড়িতে অভিযান চালাতে গেলে পুলিশ দেখতে পেয়ে তিনি পালিয়ে যান।
রাসেলের স্ত্রী শিউলী বেগমের কাছ থেকে পুলিশ তার স্বামীর মাদক বিক্রির ৬ লাখ টাকা জব্দ করে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক কালের কণ্ঠকে জানান, এই চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা কেনাবেচা করে আসছিল। গ্রেপ্তার দম্পতিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক রাসেল গাজীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





































