০৯ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৩৪, ৯ জুলাই ২০২৬

আপডেট: ২২:৩৭, ৯ জুলাই ২০২৬

বন্দরের শ্রীরামপুর সেতু মৃত্যুফাঁদ, ঝুঁকি নিয়ে চলাচল হাজারো মানুষের

বন্দরের শ্রীরামপুর সেতু মৃত্যুফাঁদ, ঝুঁকি নিয়ে চলাচল হাজারো মানুষের

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের শ্রীরামপুর খালের ওপর নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সংস্কার বা নতুন সেতু নির্মাণ না হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এ সেতু দিয়ে চলাচল করছেন হাজারো মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় সেতুটি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সরেজমিনে দেখা যায়, সেতুর মাঝখানে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে পলেস্তারা খসে রড বেরিয়ে এসেছে। কোথাও কোথাও রডও ক্ষয়প্রাপ্ত হয়েছে। সেতুর রেলিংয়ের অধিকাংশ অংশ ভেঙে গেছে। মাঝখানের ক্ষতিগ্রস্ত অংশ স্টিলের প্লেট দিয়ে সাময়িকভাবে ঢেকে রাখা হয়েছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়েই সেতুটি ব্যবহার করছেন পথচারী ও যানবাহনের চালকরা।

স্থানীয়রা জানান, কয়েক বছর আগে পুরোনো সেতুর পরিবর্তে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। ডাইভারশন সড়ক নির্মাণের কিছু কাজ শুরু হলেও অজ্ঞাত কারণে তা বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রকল্পটির আর কোনো অগ্রগতি হয়নি।

এ সড়ক দিয়ে ধামগড়সহ আশপাশের একাধিক ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। বিকল্প কোনো সড়ক না থাকায় বাধ্য হয়েই সবাই ঝুঁকিপূর্ণ সেতুটি ব্যবহার করছেন।

স্থানীয় যাত্রী রহিম বলেন, “প্রতিদিন ভয় নিয়ে এ সেতু পার হতে হয়। আমরা দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানাই।”

আরেক যাত্রী সিরাজ বলেন, “সেতুর মাঝখানে বড় গর্ত তৈরি হয়েছে, সেটি শুধু স্টিলের প্লেট দিয়ে ঢেকে রাখা হয়েছে। এতে বোঝাই যায় সেতুটি কতটা ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

এ বিষয়ে বন্দর উপজেলা উপসহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ মিয়া বলেন, “সেতুটির বেহাল অবস্থার বিষয়ে আমরা অবগত। ডাইভারশন সড়ক নির্মাণ নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় ঠিকাদার কাজ চালিয়ে যেতে পারেননি। ইতোমধ্যে নতুন করে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুত নির্মাণকাজ শুরু করা হবে বলে আশা করছি।”

এদিকে দ্রুত নতুন সেতু নির্মাণ অথবা ঝুঁকিপূর্ণ সেতুটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
 

সর্বশেষ

জনপ্রিয়