০৯ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩০, ৯ জুলাই ২০২৬

আপডেট: ২০:৩১, ৯ জুলাই ২০২৬

জনি হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবিতে আদালতপাড়ায় মানববন্ধন

জনি হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবিতে আদালতপাড়ায় মানববন্ধন

নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া এলাকার আলোচিত জাহাঙ্গীর আলম জনি হত্যা মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় নারায়ণগঞ্জ আদালতপাড়ায় নিহত জনির স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিত ও নৃশংসভাবে জনিকে হত্যা করা হলেও একজন আসামি গ্রেপ্তার হলেও মামলার অন্য আসামিরা এখনও পলাতক। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হলে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন হবে বলে তারা দাবি করেন।

বক্তারা বলেন, মামলার আসামি ফারজানা আক্তার মুন্নি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডে জড়িত অন্যদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

তারা আরও অভিযোগ করেন, এ মামলার অন্যান্য আসামি হাফসা আক্তার শৈলী, মো. সৈকত, লিংকন, আমিনা বেগমসহ অজ্ঞাত আরও কয়েকজন এখনো গ্রেপ্তার হয়নি। কেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে না, তা নিয়ে জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে বলেও বক্তারা উল্লেখ করেন।

মানববন্ধন থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যথায় জনি হত্যার বিচারের দাবিতে ফতুল্লা মডেল থানা ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত জাহাঙ্গীর আলম জনির বাবা মো. আব্দুল শুক্কুর মিয়া, ভগ্নিপতি মো. আল আমিন, ভাই এম. তানভীর, চাচা মিলন মিয়া, প্রতিবেশী আবু বকর সিদ্দিকসহ দেলপাড়া এলাকার বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, গত ২৯ জুন সকালে ফতুল্লার দেলপাড়া এলাকার চানাচুর ফ্যাক্টরি গলির একটি বাড়ি থেকে মো. জাহাঙ্গীর আলম জনি (৪১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলা ও দুই হাতের রগ কাটা ছিল। এ ঘটনায় জনির স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা একটি চাপাতি ও একটি ছুরি জব্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়