ফতুল্লায় বন্যপাখি উদ্ধার করে অবমুক্ত
নারায়ণগঞ্জের ফতুল্লা বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ১৭টি বন্যপাখি উদ্ধার করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (ডব্লিউসিসিইউ)।
শুক্রবার (৫ জুন) বেলা ১১টার দিকে ফতুল্লা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট সূত্রে জানা যায়, উদ্ধার করা পাখিগুলোর মধ্যে কালিম, শালিক, টিয়া, ময়না ও ঘুঘু ছিল।
উদ্ধার করা উড়তে সক্ষম পাখিগুলো পরে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।
বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব বন্যপাখি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পাখিগুলো সুস্থ থাকায় সেগুলোকে তাৎক্ষণিকভাবে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার দেশের বন্যপ্রাণী, বিশেষ করে বন্যপাখি সংরক্ষণে গুরুত্ব দিয়ে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ প্রণয়ন করেছে। নতুন আইনে অধিকাংশ বন্যপাখির ক্রয়-বিক্রয়, প্রদর্শন, দখল ও বাণিজ্যকে আমলযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।
বন অধিদপ্তর জানিয়েছে, ভবিষ্যতে ফতুল্লা বাজারসহ অন্য কোনো স্থানে কেউ বন্যপাখি শিকার, বিক্রি, ক্রয়-বিক্রয় বা অবৈধভাবে দখলে রাখার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফতুল্লা বাজারে এর আগেও একাধিকবার বন্যপাখি বিক্রির বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। বিভিন্ন সময়ে অভিযানে জড়িত ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হলেও বাজারটিতে অবৈধ বন্যপাখি বিক্রির প্রবণতা পুরোপুরি বন্ধ হয়নি।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পক্ষ থেকে জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপাখি শিকার, ক্রয়-বিক্রয় ও অবৈধ দখল থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।





































