০৪ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৪২, ৪ জুন ২০২৬

বন্দরে গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে আগুন, অল্পের জন্য রক্ষা

বন্দরে গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে আগুন, অল্পের জন্য রক্ষা

নারায়ণগঞ্জের বন্দরে ড্রেনের ভেতরে থাকা গ্যাসের মেইন পাইপলাইনে লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৫টার দিকে বন্দর থানার ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শাহীমসজিদ খালপার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রেনের ভেতর দিয়ে যাওয়া গ্যাস পাইপলাইন থেকে হঠাৎ গ্যাস বের হতে শুরু করলে সেখানে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুনের শিখা ও ধোঁয়া ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকেই নিরাপদ স্থানে সরে যান।

খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়তে পারেনি। এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ড্রেনের ভেতরে থাকা গ্যাস পাইপলাইনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।মরিচা ধরে পাইপে লিকেজ সৃষ্টি হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা। তারা দ্রুত পাইপলাইন সংস্কার বা প্রতিস্থাপনের দাবি জানিয়েছেন।

বন্দর ফায়ার সার্ভিসের ইউনিট অফিসার আসাদুজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

এদিকে ঘনবসতিপূর্ণ এলাকায় এমন ঝুঁকিপূর্ণ গ্যাস পাইপলাইন দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

সর্বশেষ

জনপ্রিয়