রূপগঞ্জে বিপুল মাদকসহ তালিকাভুক্ত কারবারি আটক, হামলায় আহত ৮
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তালিকাভুক্ত মাদক কারবারি আবু হানিফ ও তার এক সহযোগীকে আটক করেছে স্থানীয়রা। এ সময় মাদক কারবারিদের হামলায় ৮ জন আহত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) দিবাগত রাতে উপজেলার ঠাকুরবাড়ীর টেক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একটি প্রাইভেটকারে করে মাদক বহন করে এলাকায় প্রবেশ করে কয়েকজন মাদক কারবারি। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে তারা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা শীর্ষ মাদক কারবারি আবু হানিফ ও তার এক সহযোগীকে আটক করেন।
এ সময় মাদক কারবারিরা স্থানীয়দের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং হামলা চালায়। এতে অন্তত ৮ জন আহত হন।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আটককৃতদের তাদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। এছাড়া একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, রূপগঞ্জকে মাদকমুক্ত করতে স্থানীয় সংসদ সদস্য ও পুলিশ সুপারের নির্দেশে নির্বাচনের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।





































