১১ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১১:২৯, ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার ভোটে যেন সন্ত্রাসী শক্তিশালী না হয়: আল আমিন

আপনার ভোটে যেন সন্ত্রাসী শক্তিশালী না হয়: আল আমিন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ও জামায়াত জোট–সমর্থিত আবদুল্লাহ আল আমিন বলেছেন, ‘ভোট আপনাদের আমানত। কেউ কারও ভোট কেড়ে নেবে—সেই দিন চলে গেছে। এখন ভোটাররা ভালো মানুষ বিবেচনা করে ভোট দেবেন। মনে রাখবেন, আপনাদের একটি ভোট আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণ করবে। এমন ব্যক্তিকে ভোট দেবেন না, যাকে ভোট দিলে সন্ত্রাসী ও চাঁদাবাজরা শক্তিশালী হয়। বরং এমন মানুষকে ভোট দিন, যিনি এই অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করবেন।’

সোমবার নারায়ণগঞ্জের কুতুবপুর, ফতুল্লা ও এনায়েতনগরে গণসংযোগ শেষে পথসভায় এসব কথা বলেন তিনি। এদিন কুতুবপুরের শিবু মার্কেট, কাঠেরপুল, রামারবাগ, লালখা, হাজীবাড়ি এবং ফতুল্লার পিলকুনি পাঁচতলা, স্টেশন রোড, সাহারা সিটিতে গণসংযোগ করেন। পরে এনায়েতনগরে একটি উঠান বৈঠকে অংশ নেন।

আল আমিন বলেন, ‘গত ১৫ বছর অত্যাচার থেকে বাঁচতে আমরা জুলাই গণঅভ্যুত্থানে মাঠে নেমেছিলাম। কিন্তু ৫ আগস্টের পর আবার দেখছি আরেকটি গোষ্ঠী অত্যাচার শুরু করেছে। তারা ভূমিদস্যুতা, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে। রাজনৈতিক আশ্রয় ছাড়া এসব সম্ভব নয়। আমরা এই অপকর্মের আশ্রয়দাতাদের রাজনীতি উৎখাত করব। কোনো অবস্থাতেই হাসিনার আমলের মতো নারায়ণগঞ্জ চলতে দেব না। পজিটিভ নারায়ণগঞ্জ গড়তে আমরা কাজ করব।’

তিনি আরও বলেন, ‘আমরা সকাল সকাল ভোটকেন্দ্রে যাব। কেউ ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার বা কেন্দ্র দখল করতে এলে জনগণই প্রতিহত করবে। মানুষ জুলাইয়ে প্রতিরোধ করতে শিখেছে। ফলে কেউ সেই সাহস করতে এলে আগে বাসায় বসে ভাবুক, তারপর বের হোক। আপনারা যোগ্য ও সৎ ব্যক্তিকে ভোট দিন। কিন্তু যে মানুষ সমাজে অত্যাচার করে এবং তার আশ্রয়দাতাদের ভোট দেবেন না। তাহলে দেখবেন নির্বাচনের পর তারাই কোনো না কোনোভাবে আপনাদের ক্ষতিগ্রস্ত করবে। আর ভালো মানুষকে ভোট দিলে তার কাছ থেকে জবাবদিহি চাইতে পারবেন—সে রাস্তা করেছে কি না, জলাবদ্ধতা দূর করেছে কি না, সব কিছুর হিসাব নিতে পারবেন।’

সর্বশেষ

জনপ্রিয়