১১ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি 

প্রকাশিত: ১২:৫০, ১০ ফেব্রুয়ারি ২০২৬

শেষ মুহূর্তে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা, সতর্ক করলেন গিয়াস উদ্দিন

শেষ মুহূর্তে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা, সতর্ক করলেন গিয়াস উদ্দিন

নির্বাচনের আর মাত্র এক দিন বাকি থাকতে নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটার, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে জরুরি বার্তা দিয়েছেন ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন।

রোববার (৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৪—দুটি আসনেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ইতোমধ্যে দুই আসনের ভোটারদের মধ্যে তার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ভোটারদের বড় একটি অংশ তার প্রতি আস্থাশীল হয়ে মাঠে কাজ করছে।

তিনি অভিযোগ করেন, নিজের জনপ্রিয়তা ও অবস্থান শক্তিশালী হওয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আশাহত হয়ে তার সমর্থকদের বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছে। একই সঙ্গে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াতে গুজব রটানো হচ্ছে যে নির্বাচনে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে।

মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, শেষ মুহূর্তে ষড়যন্ত্র করে ভোটারদের বিভ্রান্ত করতে মিথ্যা প্রচারণা চালানো হতে পারে—কেউ বলবে তিনি নারায়ণগঞ্জ-৩ আসন ছেড়ে দিয়েছেন, আবার কেউ বলবে তিনি নারায়ণগঞ্জ-৪ আসন ছেড়ে দিয়েছেন। এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন তিনি।

তিনি দ্ব্যর্থহীনভাবে বলেন, শেষ মুহূর্তে এসে তার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেখান থেকে সরে দাঁড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। ভোটারদের উদ্দেশে তার আহ্বান—কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার।

এ সময় তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন তাদের দেওয়া আশ্বাস অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করবে।

সর্বশেষ

জনপ্রিয়