বন্দরে বাড়ি-জমি নিয়ে বিরোধ, ফলজ গাছ কেটে নেয়ার অভিযোগ
বন্দর উপজেলার শাঁসনেরবাগ এলাকায় বাড়ি-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ৪টি বিভিন্ন প্রজাতির ফলজ গাছ জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে সামসুন নাহার ও মতিউরের বিরুদ্ধে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী জনি বেগম বাদী হয়ে ঘটনার দিন দুপুরে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার শাঁসনেরবাগ এলাকার রুহুল আমিন মিয়ার স্ত্রী জনি বেগমের সঙ্গে একই এলাকার মৃত গোলজার হোসেনের স্ত্রী সামসুন নাহার ও মৃত সোনা মিয়ার ছেলে মতিউর রহমানের দীর্ঘদিন ধরে বাড়ি-জমি নিয়ে বিরোধ চলছিল।
বিরোধের জেরে বুধবার সকালে সামসুন নাহারের নির্দেশে তার বড় ভাই মতিউরসহ অজ্ঞাত ৩-৪ জন বহিরাগত জনি বেগমের স্বামীর বাড়িতে অনাধিকার প্রবেশ করেন। তারা ৩টি ডাব গাছ ও ১টি আম গাছ জোরপূর্বক কেটে ২০ হাজার টাকার ক্ষতি করেছেন।
এ ঘটনায় ভুক্তভোগী জনি বেগমের শাশুড়ি নূর জাহান বেগম (৯০) প্রতিবাদ করলে মতিউর ক্ষিপ্ত হয়ে তাঁকে ধাক্কা মেরে মাটিতে ফেলে প্রাননাশের হুমকি দেন।





































